সুরঞ্জিতের সহকারী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
ঢাকা, এপ্রিল ১৫ - রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চাকুরিচ্যুত এপিএস ওমর ফারুক তালকুদার ও তার স্ত্রী মারজিয়া ফারহানার ব্যাংক হিসাব (একাউন্ট) জব্দ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে এই দুজনের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
রোববার বিকেলে দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবির ফটকে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। এ ঘটনায় রোববার চাকরিচ্যুত করা হয় তাকে।
ওই গাড়িতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ মৃধাসহ আরেক রেল কর্মকর্তা ছিলেন, এদের দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয় রোববার।
গাড়িতে টাকা পাওয়ার এই ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় চলছে। রেলমন্ত্রী সুরঞ্জিতও রয়েছেন চাপে। বিএনপি তার পদত্যাগের দাবি তুললেও মন্ত্রী বলেছেন, বিরোধী দল তাকে মন্ত্রীর পদ দেয়নি, তাই তাদের কথায় তিনি পদত্যাগ করবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন