রবিবার, ১৫ এপ্রিল, ২০১২

রামপালে বিদ্যুৎকেন্দ্রের সিদ্ধান্ত বাতিল দাবি

রামপালে বিদ্যুৎকেন্দ্রের সিদ্ধান্ত বাতিল দাবি


Sun, Apr 15th, 2012 11:41 pm BdST
ঢাকা, এপ্রিল ১৫ - বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে পাঁচটি বেসরকারি সংগঠন।

রোববার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

টিআইবির সঙ্গে অন্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা), এ্যাকশনএইড বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সেভ দ্য সুন্দরবন।

রামপালে এক হাজার তিনশ’ ২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) সঙ্গে গত ২৯ শে জানুয়ারি একটি চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চুক্তির আগে থেকেই টিআইবিসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে।

ওই বিদ্যুৎকেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণ বন্ধের আহ্বান জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, “অস্বচ্ছ পন্থায় অবস্থানগত ছাড়পত্র দিয়ে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে এবং ভূমি অধিগ্রহণের জন্য জোর জবরদস্তি ও হুমকি দেওয়া হচ্ছে।”

এ পাঁচ সংগঠনের অন্য দাবিগুলো হলো- জাতীয় সম্পদ ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী শুধু শিল্প এলাকা, শিল্প সমৃদ্ধ এলাকা কিংবা ফাঁকা এলাকায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন, প্রাথমিক পরিবেশগত সমীক্ষার (আইইই) ভিত্তিতে প্রদত্ত অবস্থানগত ছাড়পত্র বাতিল এবং পিডিবি ও এনটিপিসির সঙ্গে যে চুক্তি হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করা।

সংবাদ সম্মেলনে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিনিধি আশরাফ মৃধা, এ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি শমসের আলী এবং সেভ দ্য সুন্দরবনের প্রধান সমন্বয়কারী এস কে ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন