বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশনে বিশ্ব ব্যাংকের ঋণ
|
||||
|
||||
ঢাকা, এপ্রিল ১২ - গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সুবিধা দিতে বিশ্ব ব্যাংকের কাছ থেকে সাড়ে ৭ কোটি ডলার ঋণ নেওয়া হচ্ছে।
বিশ্ব ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তিতে বৃহস্পতিবার সই করেছে সরকার।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ এবং বিশ্ব ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন চুক্তিতে সই করেন।
বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঋণের জন্য বাংলাদেশকে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। ঋণ পরিশোধের মেয়াদ ধরা হয়েছে ৪০ বছর। অবশ্য এক্ষেত্রে ১০ বছর গ্রেস পিরিয়ড সুবিধা পাবে সরকার।
বাংলাদেশ রুরাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড প্রজেক্টের আওতায় উচ্চমাত্রায় আর্সেনিক এবং পানিতে লবণাক্ততা রয়েছে এমন ২০টি জেলার ৩৮০টি ইউনিয়নের ১৬ লাখ মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।
এ সুবিধা দিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মডেল অনুসরণ করা হবে।
চুক্তি সই অনুষ্ঠানে এলেন গোল্ডস্টেইন বলেন, উচ্চ মাত্রায় আর্সেনিক দূষণের কারণে যে সব এলাকায় অগভীর নলকূপ আর চলছে না, সে সব এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় পাইপের সাহায্যে পানি সরবরাহ করার জন্য এ প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন