বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত


সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত


Thu, Apr 5th, 2012 5:23 pm BdST
 
সিরাজগঞ্জ, এপ্রিল ০৫- সিরাজগঞ্জ-বেলকুচি সড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত নয় জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত ছয় জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বেলকুচির রাজাপুর ইউনিয়নের রাজাপুর মোড়ে এ ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী দুটি যানের নয় যাত্রী মারা যান।”

চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারালে সিরাজগঞ্জগামী বাসটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ওই অটোরিকশার সংঘর্ষ হয়।

ওসি জানান, বাসের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশের একটি বটগাছে ধাক্কা খায়। বাসটিও রাস্তার উপর উল্টে যায়।

নিহতদের মধ্যে পাঁচ জন অটোরিকশার যাত্রী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো- কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রামের ময়দান আলীর ছেলে মিজানুর রহমান, সদর উপজেলার সারটিয়া গ্রামের সতিশ চন্দ্রের ছেলে যতীশ চন্দ্র শীল, বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম ও একই উপজেলার মকুন্দগাতি গ্রামের আকবর আলীর ছেলে শহীদ আলী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন