ঢাকা, এপ্রিল ০৭ - বিরোধীদলীয় নেতার সঙ্গে যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের কথা বলছেন- তাদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি ইংগিত করে শনিবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “তার সঙ্গে গলা মিলিয়েছেন উচ্চ মার্গের কিছু লোক... যারা ভোট পায় না, দল করে দল টেকাতে পারে না। তারা আবার বড় গলায় বড় বড় কথা বলে।”
গত বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই তা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি ও শরিক দলগুলো।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা, অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং ড. কামাল হোসেনের গণফোরামসহ আরো কয়েকটি দল তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে কথা বলে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের বক্তব্য পরিষ্কার। আওয়ামী লীগের সময়ে কোনো নির্বাচনে কোনো অঘটন ঘটেনি দেশের মানুষ স্বাধীনভাবে নিশ্চিন্তে নির্বিঘেœ ভোট দিয়েছে।”
“জনগণ যাকে খুশি ভোট দেবে- এই মৌলিক অধিকারটুকু তিন বছরে আমরা নিশ্চিত করতে পেরেছি”, যোগ করেন প্রধানমন্ত্রী।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তৃতায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভনেত্রী শেখ হাসিনা।
গত তিন বছরে বিভিন্ন খাতে সরকারের উন্নয়নের বিবরণ দিয়ে তিনি বলেন, “আমরা ভিক্ষা করে চলতে চাই না। সাহায্য নিয়ে চলতে চাই না।”
খালেদা জিয়ার বিরুদ্ধে ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এতিমের টাকা মেরে খাওয়ার লোভও তারা সামলাতে পারেনি। এর বিরুদ্ধে মামলা হবে না- তা হতে পারে না।”
বিরোধীদলীয় নেতার দুই ছেলের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার প্রসঙ্গ টেনেও কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, “খালি উনি খাবেন আর উনার ছেলে খাবেন। খেতে খেতে বিদেশে পর্যন্ত টাকা পাচার করেছে।”
শেখ হাসিনার ভাষায়, “বিএনপি হচ্ছে- উড়ে এসে জুড়ে বসা আর ক্ষমতায় থাকতে খুনীদের উৎসাহীত করার দল।”
ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে অচলাবস্থা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- তিস্তার পানির ন্যায্য অধিকার আদায় করব।”
“প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে আর্থ সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য”, বলেন প্রধানমন্ত্রী।
এর আগে অস্ট্রেলিয়ার বিদায়ী রাষ্ট্রদূত জাস্টিন লি গণভবণে শেখ হাসিনা সঙ্গে সাক্ষাৎ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন