শনিবার, ৭ এপ্রিল, ২০১২

সাগর-রুনি হত্যা: সাংবাদিকদের আন্দোলন স্থগিত


সাগর-রুনি হত্যা: সাংবাদিকদের আন্দোলন স্থগিত


Sat, Apr 7th, 2012 5:37 pm BdST
 
ঢাকা, এপ্রিল ০৭ - সাগর-রুনির হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের এ আশ্বাসের পর সাংবাদিক নেতারা তাদের আন্দোলন একমাস স্থগিত করেছেন।

শনিবার দুপুরে বেইলি রোডে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় সাংবাদিক নেতাদের ‘চায়ের দাওয়াতের’ পর বিকালে প্রেসক্লাবে এক বৈঠক শেষে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এক অংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, “মন্ত্রীর আশ্বাসের পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি আমরা ৫ মে পর্যন্ত স্থগিত করেছি।”

“এ সময়ের মধ্যে সাংবাদিক দম্পতির খুনি গ্রেপ্তার না হলে, সব সাংবাদিক খুনের বিষয়ে তদন্ত এবং দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে নির্দেশ না দিলে পরদিন (৬ মে) আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করব।”

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘটের একদিন আগে শনিবার সাংবাদিক নেতাদের এই চায়ের দাওয়াতে ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‘চায়ের দাওয়াতে’ ডেকে সাহারা বলেন, “সাগর-রুনির হত্যাকারীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। পাশাপাশি সব সাংবাদিক খুনের ঘটনারই তদন্ত হবে।”

বেইলি রোডে মন্ত্রীর বাসভবনে প্রায় পৌনে দুই ঘণ্টা ‘বৈঠকের’ পর ব্রিফিংয়ে সাহারা বলেন, “দেশে এ পর্যন্ত যতো সাংবাদিক নিহত হয়েছে তাদের বিষয়ে তদন্ত করতে পুলিশকে আমি নির্দেশ দিচ্ছি।”

সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ১২ জন নেতা মন্ত্রীর বাসায় এই বৈঠকে অংশ নেন।

সাগর-রুনি হত্যার তদন্ত প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, “এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি আছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”

বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজের বাসায় খুন হন।

গত মাসে এক কর্মসূচি থেকে সাংবাদিক নেতারা ঘোষণা দেন, শনিবারের (৭ এপ্রিল) মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন সাংবাদিকরা। সারা দেশে জেলা পর্যায়ে ডিসি ও এসপি অফিসের সামনেও একই কর্মসূচি পালন করা হবে।

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর প্রায় দুই মাস হতে চললেও কাউকে গ্রেপ্তার বা তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের কুলকিনারা করতে দৃশ্যত ব্যর্থ পুলিশ সাগর ও রুনির পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

মেহেরুন রুনির ভাই নওশের রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবশেষ গত ১০ মার্চ তাদের বাসায় এসেছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুজন সদস্য। তারপর থেকে আর কেউ যোগাযোগ করেনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন