রবিবার, ৮ এপ্রিল, ২০১২

জুবায়ের হত্যা মামলায় অভিযোগপত্র


জুবায়ের হত্যা মামলায় অভিযোগপত্র


Sun, Apr 8th, 2012 7:17 pm BdST
 
ঢাকা, এপ্রিল ০৮ - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

এই ১৩ জন হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে শাস্তিপ্রাপ্ত।

আসামিরা হলেন- খন্দকার আশিকুল ইসলাম আশিক (প্রাণিবিদ্যা বিভাগ), মো. রাশেদুল ইসলাম রাজু (দর্শন বিভাগ), খান মো. রইছ (প্রাণিবিদ্যা বিভাগ), জাহিদ হাসান (প্রাণিবিদ্যা বিভাগ), ইসতিয়াক মেহবুব অরূপ (দর্শন বিভাগ), মাহবুব আকরাম (সরকার ও রাজনীতি বিভাগ), নাজমুস সাকিব তপু (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), মাজহারুল ইসলাম (ইতিহাস বিভাগ), কামরুজ্জামান সোহাগ (দর্শন বিভাগ), মো. নাজমুল হুসেইন প্লাবন (লোক প্রশাসন বিভাগ), শফিউল আলম সেতু (পরিসংখ্যান বিভাগ), অভিনন্দন কুন্ডু অভি (পরিসংখ্যান বিভাগ), মো. মাহমুদুল হাসান মাসুদ (ইতিহাস বিভাগ)।

এদের মধ্যে আশিক, জাহিদ, মাহবুব ও তপু গ্রেপ্তার এবং বাকি নয় জন পলাতক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মীর শাহীন শাহ পারভেজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

ওই আদালতের পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

অভিযোগপত্রে ৩৭ জনকে সাক্ষী করা হয়েছে। ১২ পৃষ্ঠার এ অভিযোগপত্রে এটি প্রস্তুতের তারিখ ৩ এপ্রিল ও আদালতে দাখিলের তারিখ ৬ এপ্রিল উল্লেখ করা হলেও এখনো তা ঢাকার মুখ্য বিচারিক হাকিমের নজরে আনা হয়নি।

অভিযোগপত্রে নাম থাকা শিক্ষার্থীদের মধ্যে আশিক, রাজু, রইছ, জাহিদ, অরূপ, মাহবুব ও তপুকে বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে আজীবন বহিষ্কার, ছাত্রত্ব বাতিল ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া মাজহার, সোহাগ, প্লাবন, সেতু, অভি ও মাসুদকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

আসামিদের সবাই বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী।

গত ৮ জানুয়ারি ছাত্রলীগকর্মীদের মারধরের শিকার হন এই সংগঠনেরই সাবেক কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন