কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে ডেসটিনির রিট, চার পত্রিকার নামে মামলা
নিজস্ব ও আদালত প্রতিবেদক
কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে রিট এবং পাঁচ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চার পত্রিকার নামে মামলা করল মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায় প্রতিষ্ঠান ডেসটিনি। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোসাইটির পক্ষে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন গতকাল রিট আবেদনটি করেন। এতে অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে শুনানি হবে আজ। এদিকে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে প্রথম আলোসহ চারটি দৈনিক পত্রিকার ১৩ জনের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে।
রফিকুল আমীন ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক এস এইচ আস শামস জগলুল হোসেন বিবাদীদের আগামী ১০ জুন জবাব দাখিলের জন্য সমন জারির আদেশ দিয়েছেন।
বিবাদীরা হলেন_ দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, প্রকাশনা প্রতিষ্ঠান ট্রান্সক্রাফট লিমিটেড ও প্রতিবেদক ফখরুল ইসলাম; যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল আলম, প্রকাশনা প্রতিষ্ঠান যমুনা প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং লিমিটেড ও প্রতিবেদক গোলাম মাওলা; নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা, প্রকাশনা প্রতিষ্ঠান দিগন্ত প্রিন্টার্স ও প্রতিবেদক সৈয়দ শামসুজ্জামান নিপু এবং যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রোকনুদ্দিন আহমেদ ও প্রতিবেদক খায়রুল ইসলাম।
মামলায় অভিযোগ করা হয়, এই চারটি পত্রিকা বিভিন্ন তারিখে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের ফলে ডেসটিনি গ্রুপের ৩৪টি প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। তারা ডেসটিনিকে ব্যবসায়িকভাবে ধ্বংস করার জন্য বিভিন্ন সংবাদ প্রকাশ করেছেন। এতে ডেসটিনির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন