মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

জ্যাক অ্যাফ্রনের চুমু রহস্য


হলিউডি অভিনেতা জ্যাক অ্যাফ্রনের কাছে জানতে চাওয়া হয়েছিলো, পর্দায় তার আবেদনময় চুমুর গোপন রহস্যের কথা। তিনি জানালেন, চুমুর দৃশ্যে অভিনয়ের আগে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে এমন কিছু; বিশেষ করে টুনা মাছ এবং পেঁয়াজ তিনি কখনোই খান না এবং নিজেকে যতোটা সম্ভব সতেজ রাখার চেষ্টা করেন। খবর এনডিটিভির।

২৪ বছর বয়সী জ্যাককে শিগগিরই দেখা যাবে তার নতুন ছবি ‘দ্যা লাকি ওয়ান’ এ টেইলর শিলিংয়ের সঙ্গে একটি আবেগঘন চুমুর দৃশ্যে। দি হাইস্কুল মিউজিক্যাল খ্যাত সুদর্শন এই অভিনেতা জানিয়েছেন, সিনেমাটির এমন দৃশ্যে অভিনয়ের আগে তিনি দুর্গন্ধ সৃষ্টিকারী খাবার থেকে অনেকটা জোর করেই নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।

জ্যাকের ভাষ্যে, ‘ওইদিন আমি অন্যান্য দিনের চেয়ে অনেক বেশী চুইংগাম চিবিয়েছিলাম, পেঁয়াজের ধারে কাছেও ঘেষিনি; টুনা স্যান্ডউইচ তো নয়ই। কারণ, একবার এই টুনার কারণেই আমাকে এক সিনেমা থেকে বাদ দেয়া হয়েছিলো। সিনেমাটির প্রথম দৃশ্যই ছিলো চুমুর এবং তার আগে টুনা মাছ খাওয়ায় আমার মুখ ভর্তি ছিলো গন্ধে। ঘটনাটি ছিলো সত্যিই খুবই লজ্জার। এরকম পরিস্থিতিতে আমি আর পড়তে চাইনা।’

জ্যাক আরো জানান, সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যগুলোকে সহজভাবে নিতে পুরোটা সময়জুড়েই হাসতে থাকেন তিনি। ‘আমি দৃশ্যগুলোকে কখনোই সিরিয়াসলি নিতে পারি না। বিষয়টি খুবই হাস্যকর লাগে আমার কাছে। তাই এটিকে স্বাভাবিকভাবে নেয়ার জন্য পুরোটা সময়ই আমি হাসি।’

এদিকে মিরর খ্যাত অভিনেত্রী লিলি কলিন্সের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জ্যাক- এমন গুজবে কিছুদিন আগেও সরগরম ছিলো হলিউডের অলিগলি। এরই মধ্যে নতুন গুজব, ‘দ্যা লোরাক্সে’ নিজের সহ অভিনেত্রী টেইলর সুইফটের সঙ্গেও নাকী বেশ ভালোই ডেটিং চালাচ্ছেন জ্যাক। 

কোনটি সত্য, এই প্রশ্নের উত্তর জ্যাকের মুখ থেকে কেউ বের করতে পারুক বা না পারুক; এদের সঙ্গে চুমুর দৃশ্যের আগে যে অন্তত তার মুখ থেকে পেঁয়াজের গন্ধ বের হবে না, সে ব্যাপারে সবাই এখন শতভাগ নিশ্চিত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন