শরীয়তপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১০
শরীয়তপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১০
Wed, Apr 4th, 2012 4:50 pm BdST
শরীয়তপুর, এপ্রিল ০৪ - শরীয়তপুরে গোসাইরহাটে এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার উপজেলার কোদালপুরে এ ঘটনা ঘটে।
নিহত সামাদ দেওয়ান কোদালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
আটককৃতরা হলেন- আলালপুর ইউনিয়নের মহিলা সদস্য ফেরদৌস আরার স্বামী নজরুল ইসলাম মাঝি, কোদালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বশির সরদার, আজিজুল গাজী, আক্তার হোসেন গাজী, ইয়াছিন মাল, নাছির মাল, মাহমুদ আলী মালত, কল্পনা বেগম, ছাইদুর রহমান মাল ও কাশেম বেপারী।
গোসাইরহাট থানার ওসি একরাম আলী মোল্যা জানান, এলাকার দেলোয়ার মোল্যা ও সেলিম মালের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরা দুজনই আওয়ামী লীগ সমর্থক।
সোমবার রাতে সেলিম মালের ক্ষেতের ঘাস ও মরিচ কে বা কারা নিয়ে যায়। এ নিয়ে দেলোয়ার মোল্যা ও সেলিম মালের সমর্থকরা বুধবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এ খবর জানতে পেরে সামাদ দেওয়ান মীমাংসা করতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি একরাম।
স্থানীয় চেয়ারম্যান মিজান সরদারের সমর্থক সেলিম মালের নেতৃত্বে সামাদ দেওয়ানকে সবার সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
এ বিষয়ে চেয়ারম্যান এস এম মিজানুর মোবাইল ফোনে বলেন, “আমি ঢাকা থেকে জেনেছি আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। যারা খুন করেছে তারা আমার সমর্থক না। প্রকৃত অপরাধিরা শাস্তি পাক এবং বিচার হোক এটা আমি চাই।”
লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন