বুধবার, ৪ এপ্রিল, ২০১২

প্রমিত বাংলা উচ্চারণ নিশ্চিতে নীতিমালায় গুরুত্ব কমিটির


প্রমিত বাংলা উচ্চারণ নিশ্চিতে নীতিমালায় গুরুত্ব কমিটির


Wed, Apr 4th, 2012 6:56 pm BdST
 
ঢাকা, এপ্রিল ০৪ - বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, বিদেশি ভাষার সুরে বাংলা উচ্চারণ রোধ এবং প্রমিত উচ্চারণ নিশ্চিত করতে একটি নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে এ সংক্রান্ত কমিটি।

‘বিকৃত উচ্চারণ’ রোধের উপায় নির্ধারণে গঠিত কমিটি বুধবার প্রথম সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে একই মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকৃত উচ্চারণ রোধে নীতিমালা তৈরি করার সিদ্ধান্ত হয় ওই সভায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে আহ্বায়ক করে গত ২৮ মার্চ ১৫ সদস্যের এ কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়।

টেলিভিশন ও রেডিওতে ‘বিকৃত বাংলা উচ্চারণে’ অনুষ্ঠান প্রচার এবং ‘ভাষা দূষণ’ না করতে গত ১৬ ফেব্রুয়ারি দেওয়া হাই কোর্টের নির্দেশের পর এই কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে সংবাদপাঠ ও উপস্থাপনার ক্ষেত্রে প্রমিত উচ্চারণ নিশ্চিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয় সভায়।

অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, কবি সৈয়দ শামসুল হক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামাজান খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এস এম হারুন-অর-রশীদ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পরাগ, কমিটির সদস্যসচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অডিট ও আইন) মো. রফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

আহ্বায়কের বিশেষ আমন্ত্রণে সভায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীও উপস্থিত ছিলেন। কমিটির পরবর্তী সভা হবে আগামী ২৬ এপ্রিল বিকালে বাংলা একাডেমীতে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন