বুধবার, ৪ এপ্রিল, ২০১২

শেয়ার কিনতে কোম্পানিগুলোকে ডিএসইর চিঠি


শেয়ার কিনতে কোম্পানিগুলোকে ডিএসইর চিঠি


Wed, Apr 4th, 2012 3:54 pm BdST
 
ঢাকা, এপ্রিল ০৪ - সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুঁজিবাজার থেকে শেয়ার কেনার বাধ্যবাধকতার কথা উদ্যোক্তা-পরিচালকদের মনে করিয়ে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে বুধবার পাঠানো একটি চিঠিতে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন এসইসির এ নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে গত ২২ নভেম্বর একটি আদেশ জারি করে এসইসি।

ওই আদেশে বলা হয়, একটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকে পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে, তা না হলে তিনি পরিচালক পদ হারাবেন।

এসইসির এই আদেশের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আগামী ২১ মে শেয়ার কেনার সময়সীমা শেষ হবে। উদ্যোক্তা-পরিচালকদের যারা এখনও ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করেননি, তাদের এ সময়ের মধ্যে শেয়ার কেনা শেষ করার কথা মনে করিয়ে দিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের অনুরোধ করা হয়েছে ডিএসইর এই চিঠিতে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতার বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথা এর আগেই জানিয়ে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

গত সোমবার এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সঙ্গে বৈঠক শেষে ডিএসই সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “বেধে দেওয়া সময়ের মধ্যেই উদ্যোক্তা, পরিচালকদের শেয়ার কিনতে হবে। এ বিষয়ে কোনো সময় বাড়ানো অথবা কোনো ধরণের পরিবর্তন আনা হবে না বলে আমাদের আশ্বস্ত করেছেন এসইসির চেয়ারম্যান।”

তখন যেসব পরিচালক এখনো ন্যূনতম শেয়ার কেনেননি তাদেরকে ডিএসইর পক্ষ থেকে এ বিষয়ে আবারও জানানোর কথা বলেছিলেন ডিএসই সভাপতি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন