ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ড দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে বাংলাদেশকে জানিয়েছে সৌদি আরব।
ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ কথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সেচিব বিজন লালদেব।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাতে রাষ্ট্রদূতের সঙ্গে খালাফ হত্যা তদন্তে দেশে আসা সৌদি সরকারের আট সদস্যের প্রতিনিধি দলও ছিল।
প্রধানমন্ত্রী সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করা হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
গত ৫ মার্চ রাতে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী গুলশানে তার বাসভবনের সামনে গুলিবিদ্ধ হয়ে পরদিন ভোরে হাসপাতালে মারা যান। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ উদঘাটন কিংবা এতে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সৌদি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আট সদস্যের দলটি ঢাকা পৌঁছায় মঙ্গলবার।
বিজন লালদেব বলেন, “সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘এই ঘটনা দুদেশের সম্পর্ককে কোনোভাবেই প্রভাবিত করবে না এবং ক্ষতিগ্রস্থ হবে না’।”
খালাফ হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশের কর্তৃপক্ষের ওপর সৌদি আরবের আস্থার কথাও রাষ্ট্রদূত এ সময় উল্লেখ করেন বলে জানান উপ প্রেস সচিব।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা সুষ্ঠু তদন্ত করে দুঃখজনক এ ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্ত করব’
“প্রধানমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তৎপর’।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যট লার্জ এম জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান।
সৌদি প্রতিনিধি দলের সাক্ষাতের আগে সফররত যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের সদস্য রিচার্ড ফুলার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন