মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

বিমানে ধর্মঘটের ডাক


Tue, Apr 3rd, 2012 1:28 pm BdST
 
ছবি: নাসিরুল ইসলাম/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদত্যাগ ও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে ১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে কেবিন ক্রু ও কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিমানের প্রধান কার্যালয় বলাকার নিচতলায় অবস্থান ধর্মঘট ও সমাবেশের পর দুপুরে ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মশিকুর রহমান এই ধর্মঘটের ঘোষণা দেন।

তিনি বলেন, “১৬ এপ্রিল সকাল ৬টা থেকে ১৮ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত বিমানের কোনো কর্মী কাজে যোগ দেবেন না। তবে এর আগেই আমাদের দাবি পূরণ হয়ে গেলে এর আর কোনো প্রয়োজন পড়বে না।”

বিমানের দশ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারমান হিসাবে দায়িত্বে রয়েছেন সাবেক বিমান বাহিনী প্রধান ও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামালউদ্দিন আহমেদ। তার পদত্যাগের দাবিতে কর্মীরা ধর্মঘটে গেলে কার্যত অচল হয়ে পড়বে শাহজালাল বিমানবন্দর।

বিমানের বর্তমান পরিচালনা পর্ষদকে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ আখ্যায়িত করে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদের’ ব্যানারে গত ৫ মার্চ থেকে আন্দোলন করে আসছেন বিমানের বৈমানিক, কেবিন ক্রু, কর্মকর্তা-কর্মচারীরা।

গত ২৫ মার্চ এক কর্মসূচি থেকে পরিচালনা পর্ষদের সদস্যদের বিমানে অবাঞ্চিত ঘোষণা করা হয় এবং ৩ এপ্রিল এই অবস্থান ধর্মঘটের কর্মসূচি দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বিমানকর্মীরা বলাকায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন এবং এরপর অবস্থান ধর্মঘট শুরু করেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ বলাকা ভবন ঘিরে রাখে।

বিমান শ্রমিক লীগের সভাপতি গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার মশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানের সব সংগঠন মিলেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পদত্যাগ না করা পর্যন্ত চেয়ারম্যান মো. জামালউদ্দিনকে অফিস করতে দেওয়া হবে না।”

সমাবেশের পরপরই মশিকুরের নেতৃত্বে বিমান কর্মীরা চেয়ারম্যানের কক্ষের দরজায় তালা লাগিয়ে দেন।

অন্যদের মধ্যে বাংলাদেশ এয়ারসার্ভিস পাইলট অ্যাসোসিয়েশন সভাপতি সাঈদ মাহবুব হেলাল, বিমান শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সাজাহান, বিমান অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি জহিরুল হক সমাবেশে বক্তব্য দেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন